ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৭ মে ২০১৭

নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।

রোববার এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, ফুল অর্পণ, দোয়া মাহফিল, ফ্রি চিকিৎসা সেবা, খাদ্য বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

সকালে গাজীপুর মহানগরীর পুবাইলের হায়দারাবাদে মরহুমের কবর জিয়ারত ও ফুল অর্পণ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশীদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুর মান্নান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে ডা. আমির হোসেন রাহাত ও ডা. সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে মরহুমের মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

দুপুরে আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে সমাধিস্থলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। স্মরণসভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ।

মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর