ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন
যশোরের অভয়নগরের ভাটপাড়া গ্রামের এক নারীকে গণধর্ষণের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন অভয়নগর গ্রামের ওহাব গাজীর ছেলে জব্বার গাজী ও বানিপুর গ্রামের আরশাদ আলী শেখের ছেলে নজরুল ইসলাম শেখ।
সোমবার এক রায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশেষ পিপি ইদ্রিস আলী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৩ সালের ১৩ এপ্রিল ভাটপাড়া গ্রামের এক নারীকে অভয়নগর গ্রামের ইব্বাত আলীর বাগানে গণধর্ষণ করে নজরুল ও জব্বার।
স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে ২৯ এপ্রিল ওই নারীর মা বাদী হয়ে অভয়নগর থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ধর্ষণের অভিযোগ পাওয়ায় নজরুল ও জব্বারকে অভিযুক্ত করে ওই বছর ২৬ মে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বাহাউদ্দিন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নজরুল ও জব্বার কারাগারে রয়েছেন।
মিলন রহমান/এএম/পিআর