ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বস্তার মুখ খুলতেই নড়ে ওঠেন বৃদ্ধ!

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৯ মে ২০১৭

যশোরের বেনাপোলে বস্তাবন্দি জীবন্ত এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই অজ্ঞাত বৃদ্ধকে বস্তায় ভরে সড়কের পাশে ফেলে গেছে তা জানা যায়নি।

জীর্ণশীর্ণ অবস্থায় জীবন্ত বৃদ্ধকে উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। পরিচয় নিশ্চিত করা যায়নি এ বৃদ্ধের। অসুস্থ বৃদ্ধকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (নাভারণ হাসপাতাল) চিকিৎসকরা। তবে বৃদ্ধ তার নাম বিল্লাল হোসেন বলে জানালেও ঠিকানা বলতে পারেননি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর-বেনাপেল মহাসড়কের পাশে বেনাপোল আমড়াখালি নামক স্থানে সোমবার বিকেলে একটি বস্তাবন্দি নড়ে উঠলে পথচারীদের দৃষ্টিগোচর হয়। এগিয়ে যান তারা। এ সময় বস্তায় টান দিতেই পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

পরে শার্শা থানা পুলিশ বস্তাটি খুললে এক বৃদ্ধের দেহ নড়ে উঠে! দেখা যায়, তার শ্বাস-প্রশ্বাস রয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজামান জানান, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে এ বৃদ্ধকে মৃত প্রায় অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এ এফ এম মঈনুদ্দিন বলেন, রুগ্ন মৃত প্রায় অবস্থায় ভর্তি করা বৃদ্ধকে সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। একটু সুস্থ হলে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

এএম/এমএস

আরও পড়ুন