ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মনিরামপুরে বৃদ্ধ দম্পতিকে পেটাল পাওনাদার

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৯ মে ২০১৭

পাওনা দেড়শ টাকার জন্য যশোরের মণিরামপুরে বৃদ্ধ আজগর সরদার (৬০) ও তার স্ত্রী শহরবানুকে (৫৫) রক্তাক্ত জখম করেছে এক যুবক।

মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজনের মধ্যে শহরবানুর মাথার হাড় ও আজগরের হাত ভেঙে গেছে।

স্থানীয়রা জানান, আজগর দিনমজুর। সপ্তাহখানেক আগে তিনি একই এলাকার ইকলাসের কাছ থেকে ১৫০ টাকা ধার নেন। মঙ্গলবার সকালে সেই টাকা চাইতে তার বাড়িতে আসে ইকলাস। ওই সময় জমি থেকে ধান কেটে বাড়িতে ফিরে সকালের খাবার খেতে বসেছিলেন আজগর। টাকা দিতে দেরি হবে শুনে আজগরের ভাতের প্লেটে লাথি মারে ইকলাস। এর প্রতিবাদ করায় তিনি আজগর ও শহরবানুকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনেন।

মণিরামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. দীলিপ রায় জানান, শহরবানুর মাথার হাড় ও আজগরের হাত ভেঙে যাওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তবে অভিযুক্ত ইকলাসের দাবি, আজগরের কাছে তিনি ৫৫০ টাকা পাবেন। সেই টাকা চাইতে গেলে আগে বৃদ্ধ তাকে আঘাত করে। পরে সেও তাদের পিটিয়েছে বলে সাংবাদিকদের কাছে স্বীকার করে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।

মিলন রহমান/এমএএস/এমএস