ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত দুই, আহত অর্ধশত
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় আকিজ জুট মিলের শ্রমিকবাহী বাস উল্টে অন্তত দুই নারী শ্রমিক নিহত ও অর্ধশত আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার তালতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী শ্রমিক হলেন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা কদবানু (৫০) ও নূরজাহান (৫৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রাতে কাজ শেষে আকিজ জুট মিলের শ্রমিকরা নিজস্ব বাসে করে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন। বাসটি পায়রা হয়ে মণিরামপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে বাসটি নওয়াপাড়া তালতলা রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে পড়ে। এতে অন্তত দুই নারী শ্রমিক নিহত ও অর্ধশত শ্রমিক আহত হন।
আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। অভয়নগর থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম দুই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন রহমান/বিএ