ব্রাহ্মণবাড়িয়ায় রবি গ্রাহকরা ভোগান্তিতে
মুঠোফোনের রিচার্জ কার্ড ও ইজিলোড বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় গত এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে রয়েছেন বেসরকারি মুঠোফোন অপারেটর রবি’র দুই লাখেরও বেশি গ্রাহক। তবে কবে নাগাদ গ্রাহকদের এই ভোগান্তি শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কর্তৃপক্ষ।
জানা যায়, গত ২৫ এপ্রিল রবি’র ব্রাহ্মণবাড়িয়া সদরের ডিস্ট্রিবিউটর ‘টোটাল কমিউনিকেশন লিমিটেড’র সত্ত্বাধিকারী কাজী আরজু ব্যক্তিগত কাজে ঢাকায় যান। পরদিন ২৬ এপ্রিল তিনি ব্র্যাক ব্যাংকের মতিঝিলের একটি শাখা থেকে মোটা অংকের টাকা উত্তোলন করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত ২৯ এপ্রিল নিখোঁজ কাজী আরজুর সন্ধান দাবিতে পরিবারের পক্ষ থেকে ঢাকার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চেয়ে নিখোঁজ কাজী আরজুর স্ত্রী রাবেয়া বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে এ ঘটনার পর থেকেই রবি’র প্রধান কার্যালয়ের সাথে ‘টোটাল কমিউনিকেশন লিমিটেড’ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ইজিলোড ও রিচার্জ কার্ড সরবরাহ বন্ধ রেখেছে রবি কর্তৃপক্ষ। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
সাধারণ গ্রাহকদের অভিযোগ, গত ৩০ এপ্রিল থেকে তারা মুঠোফোনে ইজি লোড করতে পারছেন না। দু-একটি দোকানে রিচার্জ কার্ড পেলেও অতিরিক্ত দাম দিয়ে তাদের কিনতে হচ্ছে সেই রিচার্জ কার্ড। তবে কবে নাগাদ গ্রাহদের এই ভোগান্তি শেষ হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি টোটাল কমিউনিকেশন কর্তৃপক্ষ।
আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর