ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের মাধ্যমে পরাজিত করব: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি। বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের মাধ্যমে পরাজিত করব।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারে সমর্থনে ফুলতলায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এ নির্বাচন পেতে সহস্র মানুষ শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এ নির্বাচন অর্জনের জন্য আমাদের মানুষকে জীবন দিতে হয়েছে। আয়নাঘর ছিল শুধু একটি স্থাপনা নয়— সারাদেশ নিপীড়িত মানুষের জন্য উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল।’

তিনি বলেন, ‘২০০৯ সালের আগে বায়তুল মুকাররমের সামনে লগি-বৈঠার রাজনীতি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ওসমান হাদির শাহাদাত পর্যন্ত দীর্ঘ রক্তাক্ত লড়াইয়ের মধ্য দিয়ে আজকের নির্বাচন এসেছে।’

হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে করা হয়েছে, মৃত মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দেওয়া হয়েছে। আমি-ডামি নির্বাচন পরিচালনা করা হয়েছে।’

এনসিপির এ নেতা বলেন, ‘এসব কর্মকাণ্ড ওপর মহলের নির্দেশে করা হয়েছিল বলে তারা বিশ্বাস করতে চান। নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত। কোনো পুলিশ সদস্য যদি অবৈধ টাকার মুখোমুখি হন, তাহলে সন্তান, বাবা-মা ও দেশের মানুষের কথা মনে রাখতে হবে।’

গণমাধ্যমের ভূমিকা নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘অনেক সাংবাদিক সত্য তুলে ধরতে চাইলেও মালিকানার কারণে তা পারেন না। তার অভিযোগ, একটি গোষ্ঠী টেলিভিশন ও সরকারি প্রতিষ্ঠান দখল করে মিডিয়া মাফিয়াগিরি চালাচ্ছে। জনগণ জেগে উঠলে কোনো মিডিয়ার প্রয়োজন হয় না জনগণই তখন মিডিয়া হয়ে ওঠে।’

ফুলতলা-ডুমুরিয়া আসনের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই প্রার্থী দেশের যে কোনো আসন থেকে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন এবং এমপি থাকা অবস্থায় ব্যয় করা প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরেছেন।’

আরিফুর রহমান/আরএইচ/এএসএম