চকরিয়ায় বাসচাপায় দুই যুবক নিহত
প্রতীকী ছবি
চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরেক যুবকসহ চারজন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বড়হাতিয়া গ্রামের হাজী আবদুল আলীমের ছেলে কুতুব উদ্দিন (২৮) ও একই এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে আবদুর রহিম (২২)।
খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার এবং ঘাতক বাসটি জব্দ করেছে। তবে ওই সময় বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। আহতদের তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (২৫) এবং পথচারী স্থানীয় হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল এলাকার রাসেল, বেলাল উদ্দিন ও রুবেল নামের অপর তিন যুবক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উদ্দিন বলেন, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম ফিরছিলেন সৌদিয়া পরিবহন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও অপর যুবক গুরুতর আহত হন। এ সময় বাসের ধাক্কায় ব্রিজের ওপর বসাবস্থায় স্থানীয় তিন যুবক আহত হন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনচার্জ) আবুল হাশেম মজুমদার বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। চালক হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম