ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে বিড়ম্বনায় রেজা

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১২ মে ২০১৭

সততার পরিচয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেও বিড়ম্বনায় পড়েছেন ফরহাদ রেজা নামে এক যুবক। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া এক লাখ টাকার মালিককে না পেয়ে তিনি পুলিশে হস্তান্তর করেছেন। কিন্তু টাকা খোয়া যাওয়া যুবকের দাবি, তার কাছ থেকে হারিয়েছে সাড়ে ৩ লাখ টাকা।

গত মঙ্গলবার যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইলের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাস্থলে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত ও অর্ধশত বাসযাত্রী আহত হন।

যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের কৃষক পরিবারের সন্তান ফরহাদ রেজা জানান, দেশের অন্যতম বৃহত্তম সবজির মোকাম সাতমাইল বাজার থেকে দেশের নানা প্রান্তে সবজি পাঠানোর কমিশনের ব্যবসা তার।

মঙ্গলবার সকালে ওই এলাকায় বাস দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে এলাকার আরও অনেক মানুষের মতো তিনিও ছুটে যান। একপর্যায়ে মুমূর্ষু এক যুবকের পকেট থেকে টাকার কয়েকটি বান্ডিল পাওয়া যায়। এলাকার যুবকরা সততার জন্য পরিচিত ফরহাদের হাতে টাকাগুলো তুলে দেন। রেজা হাসপাতালে গিয়ে টাকার মালিককে খুঁজে না পেয়ে রাতে যোগাযোগ করেন পুলিশ সুপারের সঙ্গে। তার নির্দেশনা অনুযায়ী পুলিশ লাইনে গিয়ে ডিবির ওসির হাতে তুলে দেন টাকার বান্ডিল। সেখানে গুনে পাওয়া যায় পুরো এক লাখ টাকা।

সততার এমন দৃষ্টান্তে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বুধবার ফরহাদ রেজাকে তার কার্যালয়ে ডেকে বাহবা দেন এবং সততার নিদর্শন স্মারক ও নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেন।

এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিড়ম্বনা বাধে অন্য জায়গায়। কেউ কেউ দুর্ঘটনাস্থলে ৫ লাখ টাকা খোয়া গেছে বলেও তার কাছে দাবি করছে।

ফরহাদ রেজা জানান, অভাব থাকলেও অন্যের টাকার প্রতি বিন্দুমাত্র মোহ নেই তার। এজন্য এলাকায় সৎ মানুষের সুখ্যাতিও রয়েছে তার। তাই বিষয়টি তিনি পুলিশ সুপারকে জানিয়েছেন।

পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় আহত এক যুবক তার সাড়ে ৩ লাখ টাকা খোয়া গেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছে। ফরহাদের জমা দেয়া এক লাখ টাকা ওই যুবকের হতে পারে। অন্যান্য উদ্ধারকারীদের মধ্যে দুজন এক লাখ টাকা করে এবং অপর একজন ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলেও পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এসপি উল্লেখ করেন, আহত যুবক সুস্থ হবার পর নিশ্চিত হয়ে টাকা হস্তান্তর করা হবে। প্রয়োজনে আদালতের সহায়তা নেয়া হবে।

মিলন রহমান/এমএএস/পিআর