যশোরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
যশোরের ঝিকরগাছায় মনিরা খাতুন (২৭) নামে এক প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে তার প্রেমিকের একটি মানিব্যাগ ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে গৃহবধূর পিত্রালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের প্রবাসী আবদুল মালেকের মেয়ে ও একই উপজেলার নওয়ালি গ্রামের হাসান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, এক সন্তানের জননী অন্তঃসত্ত্বা মনিরা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাকুড় গ্রামে তার বাবার বাড়ি আসেন। রাতে বাবার বাড়িতে না থেকে পাশের চাচার বাড়িতে ঘুমুতে যান। এ সময় মনিরার চাচী রাশিদা বেগম, চাচাতো ভাই সাইফুল ও ফুফু জাহানারা বেগম সবাই ফ্রুট ড্রিংক ‘রাসনা’ পান করেন। এরপর তারা অজ্ঞান হয়ে পড়েন।
মনিরার চাচাতো ভাই সাইফুল জানান, রাতে মনিরা তাদের ফ্রুট ড্রিংক ‘রাসনা’ পান করতে দেন। রাসনা খাওয়ার পর তাদের আর কিছু মনে নেই। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাঁকড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মতিয়ার রহমান জানান, সকালে প্রতিবেশীরা বাড়ির কারও সাড়াশব্দ না পেয়ে খবর নিতে গিয়ে দেখেন একটি কক্ষে তিনজন অচেতন হয়ে পড়ে আছেন। পাশের একটি কক্ষে গলায় ওড়না পেঁচানো এবং মুখে অসংখ্য আঁচরের চিহ্নসহ পড়ে আছে মনিরার মরদেহ।
তিনি জানান, মনিরার মরদেহের পাশে একটি মানিব্যাগ ও চিরকুট পাওয়া যায়। মানিব্যাগটি গ্রামের দক্ষিণ পাড়ার আবদুল লতিফের ছেলে শিমুল বিশ্বাসের।
‘মায়ের উদ্দেশ্যে লেখা চিঠিতে মনিরা শিমুলের সঙ্গে তার সম্পর্ক থাকার কথা ও বাড়ি ছেড়ে তার সঙ্গে চলে যাওয়ার কথা লেখেন।’
ওসি মতিয়ার জানান, মনিরার শরীর থেকে সব গয়না খুলে নেয়া হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন মনিরার কথিত প্রেমিক শিমুল বিশ্বাস।
এমএমএ/