গাজীপুরে শালিকাকে ধর্ষণ মামলায় দুলাভাই কারাগারে
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশুকে তার দুলাভাই ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পরে বিকেলে তাকে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুরুতর আহত ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম সুমন মিয়া (২৫)। শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামের রতন মিয়ার ছেলে সুমন রাজমিস্ত্রির কাজ করে।
শ্রীপুর মডেল থানা পুলিশের এসআই এখলাস উদ্দিন ও এলাকাবাসী জানায়, গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে একজনের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে সুমন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো। কয়েকদিন আগে সুমনের আট বছর বয়সের শালিকা বোনের ওই বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে বোন ও দুলাভাইয়ের সঙ্গে শিশুটি একই ঘরে ঘুমিয়ে পড়ে।
রাত দুইটার দিকে সুমন ঘুমন্ত ওই শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এতে সে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়। একপর্যায়ে শিশুটি ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এসময় তারা ধর্ষক সুমনকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং ধর্ষণের অভিযোগে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত শিশুটিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় বুধবার দুপুরে ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদী হয়ে সুমনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। বিকেলে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম