ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৪ বছর পর খুললো অবরুদ্ধ রাস্তা

প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৫ মে ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে ব্যক্তি উদ্যোগে স্বেচ্ছাশ্রমে উন্মোচিত হলো ১৪ বছরের অবরুদ্ধ একটি রাস্তার। বৃহস্পতিবার উপজেলার ফুলদী গ্রামে ওই রাস্তাটির উন্মোচিত করা হয়। আর এতে করে ওই গ্রামের প্রায় ৪ সহস্রাধিক মানুষ দুর্ভোগ মুক্ত হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে রাস্তার অভাবে দীর্ঘ ১৪ বছর অবরুদ্ধ ছিল ওই রাস্তাটি। স্থানীয়রা বিভিন্ন সময় উদ্যোগ নিলেও অজ্ঞাত নানা কারণে তা ভাটা পড়ে।

কারণ হিসেবে জানা গেছে, ওই রাস্তা স্থানীয়দের অনেকের সীমানা দিয়ে যাওয়া এবং জায়গা দিতে অপারগতা প্রকাশের কারণে স্থানীয়রা রাস্তাটি উন্মোচিত করতে পারেননি।

এতে করে ওই রাস্তার ফুলদী বাগপাড়া কমিউনিটি ক্লিনিক থেকে স্থানীয়রা সেবাবঞ্চিত হয়ে পড়েন। অনেক কষ্ট করে কেউ কেউ ওই ক্লিনিকে গেলেও অধিকাংশ মানুষ দুর্ভোগের কথা চিন্তা করে চিকিৎসা সেবার জন্য অন্যত্র চলে যেতেন।

কিন্তু বিষয়গুলো নজরে আসে ছাইউম মিয়া ছায়েম (৩৮) নামের স্থানীয় এক যুবকের। বৃহস্পতিবার সকালে তিনি ব্যক্তি উদ্যোগে, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে ১৪ বছরের অবরুদ্ধ রাস্তাটি উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সদস্য আছমা খাতুন, আমেরিকা প্রবাসী শাহজাহান মিয়া, রতন মাস্টার, আলী হোসেন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সানজিদা ইয়াসমিন। 

ছাইউম মিয়া জানান, তিনি বর্তমানে ঢাকার ওয়েস্টিন হোটেলে কর্মরত আছেন। চাকরির সুবাদে খুব বেশি গ্রামে যাওয়া হয় না। কিন্তু যখনই যান ওই গ্রামের রাস্তাটি এবং সাধারণ মানুষের দুর্ভোগ দেখে ব্যক্তিগতভাবে তিনি অনুশোচনায় ভোগেন। তাছাড়া সরকারের একটি কমিউটি ক্লিনিক থাকলেও সাধারণ মানুষ রাস্তার কারণে সেবাবঞ্চিত ছিল। তাই ওই রাস্তাটি উন্মোচনের উদ্যোগ নেন।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তায়ন অফিসার মো. নজরুল ইসলাম জানান, তিনি ওই রাস্তাটি পরিদর্শন করে এসেছেন। এছাড়া তিনি ছাইউম মিয়া উদ্যোগকে মহতি উদ্যোগ বলেও মন্তব্য করেছেন।  

আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি