ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে শামীম হত্যা মামলার চার্জশিট দাখিল

প্রকাশিত: ১০:৪৩ এএম, ১১ মে ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালির অভয়বাস গ্রামের শামীম হোসেন হত্যা মামলায় কামরুলসহ ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। অভিযুক্ত আসামিরা হলেন, পুটখালি জেলে পাড়ার কাওছার মোড়লের ছেলে শাহাজামাল, গোলাম ওরফে গাজা গোলামের ছেলে কামাল হোসেন, মোমিন আলীর ছেলে ছাবদার আলী, আব্দুল মান্নানের ছেলে উজ্জল হোসেন ও নিহতের ভাতিজা আব্দুর রাহিমের ছেলে কামরুল ইসলাম। মামলার তদন্ত শেষে সোমবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছে সিআইডি পুলিশের এসআই নাছির উদ্দিন।

মামলার অভিযোগে জানা গেছে, শামীম হোসেন ও তার ভাতিজা কামরুল ভারত থেকে চোরাই পথে আনা মোটরসাইলের লাইনম্যানের কাজ করতেন। ২০১৪ সালের ১০ আগস্ট রাতে আসামিরা শামীম ও কামরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারা মোটরসাইকেল আনার জন্য ইছামতির শাখা নদীর ঘাটে মাহবুব রহমানের বাড়ির পাশে বসেছিলেন। মোটরসাইকেল আসতে দেরি হওয়ায় তারা তাদের ব্যবসার লাভক্ষতি নিয়ে আলোচনা করছিলেন। লাভের টাকা ভাগাভাগি নিয়ে আলোচনার এক পর্যায়ে আসামিদের সঙ্গে কথাকাটাকাটি হয় শামীমের। এর মধ্যে ভাতিজা কামরুল তাদের পক্ষ নিয়ে শামীমের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে আসামিরা শামীমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

এ ব্যাপারে নিহতের স্ত্রী শারমিন আকাতার বাদী হয়ে ৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি বেনাপোল পোর্ট থানা পুলিশ ও পরে সিআইডি পুলিশ তদন্ত করে। তদন্তকালে পুলিশ কামরুলকে আটক করে। তার দেয়া তথ্যের উপর তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত শাহাজামাল, কামাল, ছাবদার আলী ও উজ্জলকে পলাতক দেখানো হয়েছে।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি