অচেনা তরুণীর সঙ্গে মোবাইলে প্রেম অতঃপর...
নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণী দিয়ে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে ডেকে এনে একটি কেমিক্যাল কোম্পানির কর্মকর্তাকে আটক করে ব্ল্যাকমেইল করার ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল ও একটি স্বর্ণের আংটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারীসহ প্রতারক চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেছে।
মঙ্গলবার সকালে ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে সংবাদ সমম্মেলন করে তা নিশ্চিত করেছে পুলিশ। তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার প্রতারক ফতুল্লা থানা ইদ্রাকপুরের (পিয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মৃত আফজাল হোসেনের ছেলে রাসেল (২৮), একই এলাকার আব্দুর রহমানের ছেলে সফিকুল ইসলাম টুটুল (২৬) ও মৃত আব্দুস ছালামের ছেলে মামুন (২৩)।
এ ঘটনায় মুন্সিগঞ্জে ধলাগাঁও বাজার এলাকার আইসিআই এগ্রি কেয়ার নামক একটি কেমিক্যাল কোম্পানির সেলস এক্সকিউটিভ (এসসিও) আবু বক্কর সিদ্ধিক ওরফে সিদ্দিক বাদী হয়ে গ্রেফতার দুই প্রতারকসহ ছয়জনের নাম উল্লেখ করে মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, আবু বক্কর সিদ্দিকীর সঙ্গে মোবাইল ফোনে এক নারীর পরিচয় হয়। সেই সূত্র ধরে সেই নারী সিদ্দিকীর সঙ্গে প্রেমের অভিনয় করে।
একপর্যায়ে সিদ্দিকীর সঙ্গে দেখা করার প্রস্তাব দেয়। পরে ওই নারী তার বাসা ফতুল্লা রেলস্টেশনে আসতে বলার পর সিদ্দিকী তার বন্ধু আসাদুজ্জামান টুটুলকে নিয়ে রোববার রাতে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে নারীর বাড়ি ফতুল্লায় চলে আসে।
পরে প্রতারক চক্রের লোকজন তাদের দেখে একটি রুমে আটক করে রাখে এবং মারধর করে। এ সময় সিদ্দিকীর কাছে থাকা একটি স্বর্ণের আংটি, নগদ ১০ হাজার টাকা ও ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের এটিএম কার্ডের গোপন নম্বর নিয়ে যায়। আর সিদ্দিকীর বন্ধু টুটুলের কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা নিয়ে মারধর করে ফেলে রাখে।
রাত ৩টায় প্রতারক চক্রের লোকজন ব্যাংক থেকে ১০ হাজার টাকা তুলে এটিএম কার্ড ফেরৎ দেয় এবং মোটরসাইকেলটি রেখে তাদের বাড়ি হতে বের করে দেয়। পরে ২৯ মে সোমবার মোটরসাইকেলটি নেয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করে।
বাধ্য হয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১০-১১ জনের মধ্যে তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, সিদ্দিকী নারীর প্রেমের ফাঁদে পড়ে ভালোবাসার আদান প্রদান করতে এসে প্রতারক চক্রের হাতে ধরা পড়ে।
মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্রোহে টালমাটাল বিএনপি, সুযোগের আশায় জামায়াত
- ২ ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে
- ৩ কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- ৪ ৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত
- ৫ নির্বাচনে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক