ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবা-মেয়ের আত্মহত্যা : আরেক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৩০ মে ২০১৭

গাজীপুরের শ্রীপুরে কন্যাসহ বাবা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্ররোচণা এবং গরু চুরি অভিযোগসহ দুটি মামলার আরেক পলাতক আসামিকে বগুড়া থেকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুল খালেক বেপারী (৫০) শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের মৃত আলীম উদ্দিন বেপারীর ছেলে। এ নিয়ে আত্মহত্যার প্ররোচনা ও গরু চুরি মামলায় মোট ৫ আসামি গ্রেফতার হলো।

শ্রীপুর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (সিটপাড়া) গ্রামের হযরত আলী তার মেয়ে আয়েশা আক্তারকে নিয়ে গত ২৯ এপ্রিল শ্রীপুর রেলস্টেশনের কাছে তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার পরদিন হযরত আলীর স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে সাতজনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা করেন।

এছাড়া হয়রানিসহ গরু চুরির অভিযোগে শ্রীপুর মডেল থানায় হালিমা বেগম আরেকটি মামলা করেন। উভয় মামলায় আ. খালেক বেপারীকে দুই নম্বর আসামি করা হয়। বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনার পরপরই মামলার অন্যতম আসামি আ. খালেক শ্রীপুর থেকে পালিয়ে যান।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ আব্দুল খালেককে তার ভাতিজার শ্বশুর বাড়ি বগুড়া জেলার ধুনট এলাকা থেকে গ্রেফতার করে।

প্রতিবেশী হালিমার গোয়াল ঘর থেকে গরু ছেড়ে দিয়ে অন্যের ফসল ক্ষতি করিয়ে নানাভাবে হয়রানি করার কথা গ্রেফতার খালেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।

ওসি আরও জানান, এ নিয়ে আত্মহত্যায় প্ররোচণা ও গরু চুরি মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে উভয় মামলার মূল আসামি ফারুককে সাভারের ইসলামনগর এলাকার থেকে  গত ২৬ মে রাতে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা।

এর আগে মামলার অপর তিন আসামি শ্রীপুরের গোসিঙ্গা ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনকে ঘটনার দিন (২৯ এপ্রিল) ও কুদ্দুছ ওরফে কুদ্রত আলীকে গত ১৮ মে রাতে শ্রীপুর থেকে এবং ২৬ মে ভোরে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ঝাঝড় গ্রাম থেকে বোরহান উদ্দিনকে (৩৫) গ্রেফতার করা হয়।

এএম/আরআইপি