হেফাজত নেতার মামলায় রফিউর রাব্বির স্থায়ী জামিন
নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের নেতার করা মামলায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
ধর্মীয় অবমাননার অভিযোগে হেফাজত নেতার মামলায় রোববার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবির শুনানি শেষে এ আদেশ দেন।
এ সময় বাদী পক্ষে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও বিবাদী পক্ষে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, আওলাদ হোসেন ও জিয়াউল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মাহাবুবুর রহমান বলেন, রোববার আমরা রফিউর রাব্বির স্থায়ী জামিন আবেদন করি তখন আদালত মঞ্জুর করে। তবে পরবর্তী তারিখ বিকেলে জানাবেন বলে জানিয়েছেন।
অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, ওই মামলায় রোববার তারিখ ধার্য ছিল। আমরা আদালতে জামিন আবেদন বরখাস্তের আবেদন করি। তখন আদালত স্থায়ী জামিন মঞ্জুর করেন।
গত ৫ মে রফিউর রাব্বিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওদিন আদালত তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে ১৪ মে শুনানির দিন ধার্য করেছিলেন।
ওদিন আদালতে দুই পক্ষের উপস্থিতিতে বিচারক তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাসানের দেয়া প্রতিবেদন সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে আদালত ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে বিবাদী রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আদালতে মামলা করেন।
ওই মামলা আদালত গ্রহণ করে ৭ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন। তবে গত ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি যে প্রতিবেদনে রাব্বির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়।
মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি