ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাম্পে তেল নেওয়া নিয়ে মারামারি, চুয়াডাঙ্গায় দুজনকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১০ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে কারাদণ্ড ও একজনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে পাম্প প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরীর নেতৃত্বে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহী গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। অর্থদণ্ডপ্রাপ্ত নাঈম হোসেন (২৯) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেল নেওয়ার সময় কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং মারামারিতে জড়িয়ে পড়েন। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নাঈমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরী বলেন, জনসাধারণের ভোগান্তি ও বিশৃঙ্খলা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হুসাইন মালিক/এসআর/এএসএম