ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৫ জুন ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও প্রধানমন্ত্রী এবং স্থানীয় সাংসদের ছবিতে আগুন দেয়ার ঘটনায় পুলিশের করা বিস্ফোরক আইনের মামলায় ৩৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা।

মামলার চার্জশিটে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদপেলর যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি অন্যতম আসামি। আর সাক্ষ্য প্রমাণ ও নাম পরিচয় না পাওয়ায় ১৯ জনকে মামলা হতে অব্যাহতির আবেদন করা হয়েছে।

সোমবার বিকেলে আগুন পোড়া বিভিন্ন ধরনের আলামত হিসেবে আদালতে হস্থান্তর করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। আর মামলার অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী দেখিছে পুলিশ।

চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি, আবু সাঈদ মুন্না, মানিক ডাক্তার, ফয়সাল, আব্দুর রাজ্জাক, আরিফ, সুমন, কামাল, সোহেল ওরফে বরিশাইল্যা সোহেল, ইবু ওরফে ইব্রাহীম, জনি, শাহ জাহান, নাছির উদ্দিন পিন্টু, সোলায়মান, জুয়েল, সুরমা সেলিম, গিয়াস উদ্দিন প্রধান, সাগর সিদ্দিকি, রঞ্জু মিয়া, আবুল হোসেন, ময়েজ উদ্দিন মজু, আশরাফুল ইসলাম ফরিদ, ফরিদ উদ্দিন, জুবায়ের আহম্মেদ, আশরাফ, সৈয়দ আতিক।

এছাড়া অভিযোগপত্রে মির্জা মোবারক, মামুন, আলী আহম্মদ রতন, আবু সাঈদ, আমির মাহমুদ, আলমগীর ওরফে সবুজ, কাজল, আমির হোসেন নামে আটজনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই সাইদুজ্জামান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ফতুল্লা থানা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এরপর বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা।

এ ঘটনায় এএসআই ফয়েজ উল্লাহ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলা হওয়ার তিন বছর ৬ মাস পর আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম