ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনা সংবাদপত্র প্রকাশে প্রতিবন্ধক : শওকত মাহমুদ

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৯ জুন ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার সংবাদপত্র প্রকাশে প্রতিবন্ধক। আর বেগম খালেদা জিয়া ও তার পরিবার সংবাদপত্র প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় সহায়ক। এটাই দুই পরিবারের মধ্যে পার্থক্য।

তিনি পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, এখন আর নিরপেক্ষতার ভান করার সুযোগ নেই। গণতন্ত্র পুণরুদ্ধারে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং অসত্যের বিরুদ্ধে সত্যের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

শুক্রবার গাজীপুরে জয়দেবপুর কনভেনশন সেন্টার-এ সাংবাদিক ইউনিয়ন গাজীপুর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, সকল ভেদাভেদ ভুলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আগামী নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।

বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের রোষাণলে পড়ে সারাদেশে সংবাদকর্মীদের বহু পরিবার আজ নিঃস্ব হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী নেতা, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, শিক্ষক নেতা অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা, পেশাজীবী নেতা অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের নেতা আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/ এমএএস/পিআর