ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রকাশিত: ০৯:০০ এএম, ১৬ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আল মামুন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। শনিবার সকালে নবীনগর উপজেলার বিটঘর গ্রামের পরিত্যক্ত একটি জমিদার বাড়ির পাশের ছাইয়ের স্তুপের নিচ থেকে পুলিশ নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। নিহত আল মামুন নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের খালা শাসছুন্নাহার বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার মধ্যরাতে আল মামুনের খালাতো ভাই জুয়েল ও মিঠুসহ একদল দুর্বৃত্ত মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি জমিদার বাড়ির বালাইখানার (মনোরঞ্জন কেন্দ্র) ভেতরের ছাইয়ের স্তুপের নিেে পুঁতে রাখেন। পরে খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবু কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে খালাতো ভাইদের সঙ্গে পারিবারিক কলহের জের ধরেই আল মামুন খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের খালা শামছুন্নার বেগমকে (৫৫) আটক করেছে বলেও জানান এসআই আবু কাউছার।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর