কুতুবদিয়ায় গম বোঝাই জাহাজডুবি : ১৩ নাবিক উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গম বোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে কুতুবদিয়া লাইট হাউজ থেকে ৭ নটিক্যাল মাইল দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার।
তিনি জানান, শুক্রবার ভোর ৪টার দিকে স্থানীয় জেলেদের কাছ থেকে তারা কুতুবদিয়া উপকূলে একটি লাইটার জাহাজ ডুবির খবর শুনতে পান । এ সময় জাহাজটির ১৩ জন নাবিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

উদ্ধার হওয়া নাবিকদের দুপুর ১২টার দিকে কুতুবদিয়া থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া।
ওসি জানান, কয়েক মেট্রিক টন গম বোঝাই করে জাহাজটি যশোর যাচ্ছিল। পথে কুতুবদিয়া এলাকায় এসে কোনো কারণে এটি ডুবে যায়। বিপদাপন্ন নাবিকদের জেলেরা উদ্ধার করে কূলে নিয়ে এসেছে। জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। সন্ধ্যায়ও জাহাজটির কিছু অংশ তীর থেকে দেখা যাচ্ছিল বলে তিনি জানান।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর