ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২২ জুন ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মনির হোসেন (৩৩) ও লেগুনার চালক জাহাঙ্গীর মিয়া (২৫)।

আহতরা হলেন- রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামানসহ পুলিশ সদস্যরা একটি লেগুনা গাড়ি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টহলরত অবস্থায় ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিশা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের টহলরত লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মনির হোসেন ও লেগুনার চালক জাহাঙ্গীর মিয়া নিহত হন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম গুরুতর আহত হন।

এদিকে বাস-লেগুনা সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা সরিয়ে যানজট নিরসন করার চেষ্টা করছে পুলিশ।

মীর আব্দুল আলীম/আরএআর/জেআইএম