সাদা পোশাকে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে জনরোষে পুলিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাদা পোশাকে পুলিশের একটি টিম ৮ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে আসার পথে জনরোষে পড়েছে। এ ঘটনায় পুলিশ ও ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
এ সময় মাদক ব্যবসায়ীর লোকজন পুলিশের এএসআইসহ পুলিশের তিন সদস্যদের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে এএসআই ইমাম আহাদের কাছে থাকা অস্ত্র ছিনিয়ে নেয় তারা। ঘটনার এক ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।
শনিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজরদি দেলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীসহ তাদের লোকজনের হামলায় পুলিশ ও ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এদিকে ঘটনার সংবাদে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (খ-অঞ্চল) সাজিদুর রহমান, সোনারগাঁ থানা পুলিশের ওসি শাহ মো. মঞ্জুর কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আহাদ বলেন, মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করে ফেরার পথে তার ছেলে মেয়ে ও তার লোকজন আমাকে ও কনস্টেবলকে মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় বাবুলের লোকজন ইটপাটকেল ছুড়তে থাকলে ইউপি সদস্য আশরাফ আলী পড়ে গিয়ে মাথা ফেটে আহত হয়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, সাদা পোশাকে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে এক এএসআই ও কনস্টেবলকে আহত করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয়। পুলিশের লুণ্ঠিত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম