ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

প্রকাশিত: ১০:৫৯ এএম, ০২ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার সাদ্দামসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার ডাকাতির পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের মোজাম্মেল হকের ছেলে ডাকাত সর্দার সাদ্দাম, গোহাট্টা গ্রামের জাকির হোসেনের ছেলে নয়ন, একই গ্রামের গোলজার হোসেনের ছেলে সজিব, আসাদ মিয়ার ছেলে পারভেজ ও মোগরাপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে সজিব।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নে একটি অভিযান পরিচালনা শেষে থানায় ফেরার পথে শনিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এ সময় রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ৮-১০ জনের একটি ডাকাত দল লুকিয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে ধাওয়া করে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ডাকাত সর্দার সাদ্দামসহ গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে গ্রেফতাররা।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি