গোপালগঞ্জে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি : আহত ২
গোপালগঞ্জে রিপন মল্লিক নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের পাঁচুড়িয়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ২ জন আহত হয়েছেন।
জানা যায়, ডাকাতরা বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বাসার লোকজনকে বেঁধে মারপিট করে ৬-৭ ভরি সোনার অলঙ্কার, ট্যাব, মোবাইল ফোন ও নগদ এক লক্ষ টাকা লুটে নেয়। তারা বাসায় থাকা রিপন মল্লিকের শ্বশুর শ্যামল ভৌমিক (৫০) কে মারধর করে মারাত্মকভাবে আহত করে।
এছাড়া তারা ওই বাড়ির ভাড়াটিয়া গোপালগঞ্জ সদর হাসপাতালের স্টাফ নার্স সাগরিকা বিশ্বাসের বাসায়ও ঢুকে টেলিভিশন, স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। বাঁধা দিতে গেলে এসময় ওই স্টাফ নার্সের বৃদ্ধ শ্বশুর ফনিভূষণ সূতরকেও তারা বেধড়ক মারপিট করে। আহত শ্যামল ভৌমিক ও ফনিভূষণ সুতর গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেছেন, একটা চুরির ঘটনা ঘটেছে শুনেছি। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর