ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈরে পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ, আটক ২

প্রকাশিত: ০১:২৭ পিএম, ০২ জুলাই ২০১৭

গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নাহিদুল ইসলাম রিহাদ (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত রিহাদ কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকার নাছির উদ্দিনের ছেলে। সে মা-বাবার সঙ্গে সফিপুর আনসার একাডেমি সংলগ্ন আজহার হাজির বাড়িতে ভাড়া থাকত এবং জেনিট পিএল কিন্ডার গার্ডেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল। আটকরা হলেন ওই পুকুরের কেয়ারটেকার হালিম (৬৫) ও তার নাতি রতন (২০)।

নিহতের বাবা মো. নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, তিনি এবং তার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার দুপুরের পর থেকে রিহাদ নিখোঁজ ছিল। রোববার সকালে ভাড়া বাড়ির পাশের সামসুদ্দিনের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় ও তাদের খবর দেয়। পরে মরদেহ উদ্ধারের পর রিহাদের মরদেহ শনাক্ত করা হয়।

তিনি জানান, ছোট ছেলেরা গোসল করতে নামলে ওই পুকুরের কেয়ারটেকার হালিম ও তার লোকজন তাদের মারধর এবং লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করত। শনিবার রিহাদ ওই পুকুরে গোসল করতে গেলে কেয়ারটেকার তাকে মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

কালিয়াকৈর থানা পুলিশের এসআই মো. মনিরুল ইসলাম জানান, নিহতের মাথার একপাশে কিছু অংশ ফুলা, চোখের পাতা এবং নাক দিয়ে রক্ত ঝরার চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কেয়ারটেকার হালিম ও তার নাতি রতনকে আটক করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম