ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরিবেশ দূষণের দায়ে পানীয় উৎপাদন কারখানা বন্ধ

প্রকাশিত: ১১:০৯ এএম, ২০ মে ২০১৫

গাজীপুর মহানগরীর বাহাদুরপুর এলাকায় অবস্থিত পারটেক্স গ্রুপের কোমল পানীয় রয়াল ক্রাউন কোলার (আরসি) বর্জ্যে এলাকার পরিবেশ দূষণের দায়ে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। পরিবেশ দূষণের বিষয়টি তদন্ত করার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত গঠন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, কোমল পানীয় আরসি কোলার কারখানার বর্জ্যে বাহাদুরপুরসহ আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকার কৃষি জমিসহ জীব বৈচিত্রের পরিবেশ মারাত্মক দূষণ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। স্থানীয় অধিবাসীদের কাছ থেকে এমন অভিযোগ পাবার পর বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান।

এসময় মারাত্মক পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক পুনরাদেশ না দেয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। পরিবেশ দূষণের বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা সাজিদ আনোয়ার, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/বিএ/পিআর