ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ঢলের পানিতে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১০:২৯ এএম, ০৪ জুলাই ২০১৭

কক্সবাজার সদরের ইসলামাবাদে ঢলের পানিতে ডুবে ৭ বছরের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ইউছুপেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর নাম উম্মে সালমা। সে ইসলামাবাদ পূর্ব ইউছুপেরখীল এলাকার আলী আব্বাসের মেয়ে ও ইউছুপেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর থেকে ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে তীব্র বেগে ঢল নেমেছে। ঢলের ধাক্কায় ভেঙে গেছে রাবার ড্যাম এলাকার নদীর তীর। এতে প্লাবিত হচ্ছে জালালাবাদ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলো। ঢলের পানিতে এলাকার মাঠ-ঘাট তলিয়ে গেছে। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় সালমা। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া বর্ষণ রোববার সকাল থেকেই ভারি বর্ষণে রূপ নেয়। এটি মঙ্গলবার সকাল পর্যন্ত অতিভারী বর্ষণ হিসেবে অব্যাহত ছিল। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩১ মিলিমিটার। এ বর্ষণ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। সঙ্গে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর কক্সবাজার স্টেশনের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস