স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
কক্সবাজার সদরের পিএমখালীর মাঝেরপাড়া এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম তৈয়বা বেগম (৫০)। তিনি নামে পিএমখালীর মাঝেরপাড়া এলাকার গুরা মিয়ার স্ত্রী।
তৈয়বার ছেলে মুফিজুর রহমান জানান, সকালে সবাই কাজের খোঁজে ঘর থেকে বের হয়। বৃষ্টিতে কাজ না পাওয়ায় ফিরে এসে দেখে তার মা গলায় রশিসহ বিছানায় পড়ে আছে। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুফিজ আরও জানায়, দুই দিন আগে অর্থ সংকট নিয়ে বাক-বিতণ্ডা হয়েছিল। এ ঘটনায় অভিমান করে মা আত্মহত্যা করতে পারে বলে ধারণা ছেলের।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি রনজিত বড়ুয়া বলেন, নিহতের গলায় রশির দাগ রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন ওসি।
সায়ীদ আলমগীর/এমএএস/পিআর