ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় হত্যা মামলায় রিজভী ও মনির চৌধুরীর জামিন

প্রকাশিত: ০২:০২ পিএম, ০৯ জুলাই ২০১৭

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রল বোমায় বাসের ৮ যাত্রী হত্যা মামলায় জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকেও জামিন দিয়েছেন আদালত।

রোববার দুপুরে কুমিল্লার ৫নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এতে ওই বাসের ৮ ঘুমন্ত যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা করেন।

দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৭৮ জনের বিরুদ্ধে গত ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এ মামলায় রোববার আদালতে হাজির হন বিএনপি সিনিয়র যুগ্ম সহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।

তাদের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, তারা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। রোববার হত্যা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন তারা।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম