দুই ওয়ার্ডে মনোনয়ন জমার শেষ তারিখ ২৪ জুলাই
নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুটি সাধারণ ওয়ার্ডে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি ওয়ার্ডে ভোটার নিয়ে জটিলতার কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ড নিয়ে জেলা পরিষদের দুটি সাধারণ ওয়ার্ড।
সোমবার রিটার্নিং অফিসার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুলাই। বাছাই করবেন ২৬ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ থেকে ১৮ নং ওয়ার্ড নিয়ে জেলা পরিষদের ২নং ওয়ার্ড। এই ওয়ার্ডে ৯ জন পুরুষ ও চারজন নারীসহ মোট ১৩ জন ভোটার রয়েছে।
তারা প্রত্যেক ভোটারই সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি। এদের মধ্যে ১৬ নং ওয়ার্ডের ভোটার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। নির্বাচন স্থগিতের আগে ২নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আহসান হাবিব, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং অ্যাডভোকেট শরীফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
অপরদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড নিয়ে জেলা পরিষদের ৩নং ওয়ার্ড। এ ওয়ার্ডে নয়জন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১২ জন ভোটার রয়েছে।
তারাও প্রত্যেক ভোটারই জনপ্রতিনিধি। এর আগে ৩নং ওয়ার্ডে জাতীয় পার্টির নেতা গিয়াসউদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি হাবিব আল মুজাহিদ পলু এবং জাপা নেতা হুমায়ন কবির মৃধা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোট হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর। কিন্তু আগে যারা কাউন্সিলর ছিলেন তারাই ছিল জেলা পরিষদের ভোটার।
ফলে ২২ ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলররা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেননি। এ সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশন ২ ও ৩ ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত রাখেন।
শাহাদাত হোসেন/এএম/পিআর