ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চৌদ্দগ্রাম ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১২ জুলাই ২০১৭

জেলার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত দক্ষিণ জেলা ছাত্রলীগের কার্য নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বিকেলে কমিটির সভাপতি আবু তৈয়ব অপি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল কর্তৃক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ওই কমিটি বিলুপ্ত করে তৌফিকুল ইসলাম সবুজকে আহবায়ক এবং মো.কাউছার হানিফ, মতিউর রহমান জালাল, কাজী আল রাফি, নুরুল আলম,আবদুল মোতালেব, সোহাগ মাহমুদ, খন্দকার মাসুদ ও আরিফুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। 

এই আহ্বায়ক কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের কর্মীদের থেকে মোট ৬২ জনকে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট আরও একটি আহ্বায়ক কমিটি গঠন করবে এবং এই কমিটি আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে নেতারা জানিয়েছেন। 

এ বিষয়ে বিকেলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, অনেক আগেই চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। তাই কেন্দ্রের নির্দেশে সংগঠনকে আরও গতিশীল করার জন্য আগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সেখানে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

মো: কামাল উদ্দিন/এএম/আরআইপি