ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষকের বিরুদ্ধে ১৬ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৩ জুলাই ২০১৭

যশোরের কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৬ জন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

প্রাথমিক তদন্তের ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার অভিযুক্ত সহকারী শিক্ষক মকবুল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবীর হোসেন বলেন, সহকারী শিক্ষক মকবুল হোসেনের বিরুদ্ধে ১৬ জন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ওই স্কুলে পাঠিয়েছি। তিনি ভিকটিম ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছেন। এ জন্য বৃহস্পতিবার মকবুল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী জানান, পরীক্ষায় পাস করিয়ে দেয়ার কথা বলে এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জিপিএ-৫ পাইয়ে দেয়ার কথা বলে বিদ্যালয় কক্ষে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিলেন সহকারী শিক্ষক মকবুল হোসেন।

তার বিরুদ্ধে কোমলমতি শিশুদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা মিলেছে।

ভিকটিম ছাত্রীরা জানায়, আমাদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বুধবার আমরা দলবদ্ধভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকার কাছে ঘটনাটি খুলে বলি। এরপর বিষয়টি জানাজানি হয়। অভিভাবকদের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধেও শিশু নির্যাতনের আইনে মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

প্রধান শিক্ষক সুনন্দা সরকার বলেন, ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সভায় মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মিলন রহমান/এএম/আরআইপি