ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৪ জুলাই ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও মহাসড়কের একাংশ দখল করে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও উপজেলা প্রশাসন। 

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা পরিদর্শনে এসে মহাসড়কের দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেয়ার পর স্থানীয় প্রসাশন এ উচ্ছেদ অভিযান শুরু করে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কাঁচপুরে গড়ে ওঠা বেশির ভাগ অবৈধ স্থাপনা আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে বলে অভিযোগ রয়েছে।    

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কাঁচপুর এলাকায় এক হাজারেরও বেশি দোকানপাট নির্মাণ করে মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায় করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রতি দোকান থেকে মাসিক ও দৈনিক হিসেবে এ চাঁদার টাকা আদায় করা হচ্ছে। আর এ সব দোকান থেকে অগ্রিম পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা। 

কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর দেড় শতাধিক দোকান বসিয়ে প্রতিদিন কয়েক হাজার টাকা চাঁদা উত্তোলন করছেন। সোনারগাঁ ফিলিং স্টেশনের সরকারি জায়গা দখল করে কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান মিয়া প্রায় চার শতাধিক দোকান নিমার্ণ করে প্রতি মাসে দুই লাখ টাকা, আবুল খায়ের নামে এক ব্যক্তি দুই শতাধিক দোকান বসিয়ে প্রতিদিন ৮-১০ হাজার টাকা চাঁদা উত্তোলন করছেন। কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিন মিয়া ও তার ভাই আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা আমান খাঁন কয়েকশত দোকান নির্মাণ করে তা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর জানান, দলীয় কর্মীরা দৈনিক হারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায় করে থাকেন। বিএনপির আমলেও ফুটপাত থেকে চাঁদা উত্তোলন করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া জানান, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। 

নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান জানান, মহাসড়কে যানজট চলতে যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সে জন্য মহাসড়কের পাশ থেকে সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে।

অভিযান পরিচালনাকারী সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু জানান, সেতুমন্ত্রীর নির্দেশে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস