মনিরামপুরে লাশ নিয়ে প্রেসক্লাবে স্বজনরা
যশোরের মনিরামপুরে গৃহবধূ রুমা খাতুনকে (২৫) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর লাশ নিয়ে স্বজনরা যশোর প্রেসক্লাব চত্ত্বরে অবস্থান করে ‘হত্যাকারীদের’ শাস্তি দাবি জানান। এর আগে রোববার বিকেলে মনিরামপুরের শয়লা গ্রামে স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রুমা খাতুন মনিরামপুরের শ্যামকুড় দক্ষিণপাড়ার মৃত ইজ্জত আলীর মেয়ে। তার তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বলে স্বজনরা জানিয়েছেন।
রুমার চাচাতো ভাই শ্যামকুড় গ্রামের শহিদুল ইসলাম বলেন, ছয় বছর আগে শয়লা গ্রামের আশরাফ আলীর ছেলে সাগরের সঙ্গে রুমার বিয়ে হয়। সাগর ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বিয়ের পর থেকে সাগর একটি মোটরসাইকেলসহ পাঁচ লাখ টাকার মালামাল যৌতুক নিয়েছে। সম্প্রতি আরও ৩০ হাজার টাকা যৌতুক দাবি করতে থাকে সাগর। এ টাকার দাবিতে রুমাকে শারীরিক নির্যাতন করতো। এছাড়া সাগর অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এ নিয়ে রুমা ও সাগরের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। রোববার দুপুরে রুমাকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করে সাগর। ঘটনা ধামাচাপা দিতে রুমার মুখে কিটনাশক ঢেলে ‘আত্মহত্যা করেছে’ বলে প্রচার চালায়।
এরপর মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে রুমার লাশ নিয়ে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নেন স্বজনরা। তারা প্রকৃত দোষীকে শাস্তির দাবি করেন।
শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, আমি মণিরামপুর থানায় গিয়ে হত্যা মামলার এজাহার দিলেও পুলিশ এটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করেনি।
বুধবার আদালতে পিটিশন মামলা করা হবে বলে তিনি জানান।
মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে যদি হত্যার অভিযোগ প্রমাণিত হয়, তখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।
মিলন রহমান/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে