ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রসূতি মাকে জিম্মি, হাসপাতালের তিন কর্মকর্তা আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৭ জুলাই ২০১৭

একদিকে অনৈতিক চিকিৎসা, অপরদিকে রোগী আটকিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা ও দুর্ব্যবহারের অভিযোগে কক্সবাজার শহরের আল ফুয়াদ হাসপাতালের তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। রোগী অভিভাবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান ও তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

আটকরা হলেন- হাসপাতালের মনিটরিং অফিসার সেলিম উল্লাহ সুজন, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) খালেদ হোসেন ও সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) দিদারুল আলম।

পিবিআই কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, একজন রোগী নারীকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রেখেছে এমন অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

অভিযোগের সত্যতা পাওয়ায় ওই রোগীকে উদ্ধার ও হাসপাতালের তিন কর্মকর্তাকে আটক করা হয়। তাদের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরও কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম