ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে জাপানি নাগরিকের ওপর হামলা, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১১:১৭ এএম, ২৮ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারর উপজেলায় জাপানি নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর জাপানি নাগরিককে উদ্ধার করে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন। গ্রেফতাররা হলেন বাচ্চু মিয়া, ইসমাঈল, সেলিনা বেগম, মাসুদ ও ইয়াছিন। তারা আড়াইহাজার পাচঁরুখী এলাকার বাসিন্দা। তাদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত জাপানি ডেভেলপার ‘সুমিতোমো’র একটি প্রতিনিধি দল তাদের প্রকল্পের অধিগ্রহণকৃত জমিতে উন্নয়নমূলক কাজ দেখাশুনা করার জন্য গেলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয়।

একপর্যায়ে প্রকল্পের দায়িত্বরত বাংলাদেশি ও জাপানি নাগরিকদের ওপর চড়াও হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানা পুলিশের এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। জাপানি নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

শাহাদাত হোসেন/এএম/পিআর