ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চকরিয়ায় ভাগিনাকে গলা কেটে হত্যা করলো মামা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৮ মে ২০১৫

কাবিন-আকদ হয়েছে। বিয়ের আয়োজন সম্পন্ন করতে এসেছিলেন বাজার করতে। কিন্তু, আর বিয়ের পিঁড়িতে বসা হলো না পারভেজ’র। কেনাকাটা করতে এসে আপন মামার হাতে প্রকাশ্যে গলাকেটে হত্যার শিকার হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার সমবায় মার্কেটে নৃশংস এ হত্যাকাণ্ডটি ঘটে। হত্যার শিকার পারভেজ (২৫) চকরিয়া পৌর এলাকার রাজধানী পাড়ার শাহাব উদ্দিনের ছেলে। ঘাতক মামা নূরুল আলমকে মার্কেটের ব্যবসায়ীরা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের ছোট ভাই বাপ্পী ও খোকা জাগো নিউজকে জানান, বুধবার চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার এক মেয়ের সাথে তার বড় ভাই পারভেজের কাবিন-আকদ হয়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পারভেজ বিয়ের বাজার করতে চকরিয়া পৌরসভার সমবায় মার্কেটে যান। হঠাৎ মামা নূরুল আলম মার্কেটে ঢুকে পারভেজের সাথে তর্কে জড়িয়ে পড়েন। কেউ কিছু বুঝে উঠার আগেই ধারালো ক্ষুর দিয়ে প্রকাশ্যে গলাকেটে দেয়।

তার নৃশংসতা দেখে থমকে যায় মার্কেটের ব্যবসায়ীরা। পরে ঘাতক নুরুল আলমকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা।

বাপ্পী ও খোকা আরও জানান, তাদের মামা নূরুল আলম মাদকাসক্ত ছিল। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে তারা অনেক চেষ্টাও করে। বেশ কয়েকবার তাকে থানা হাজতে দেয়া হয়। বুধবারও তাকে (মামা) মাদকাসক্তির কারণে থানায় সোপর্দ করা হয়। তবে পুলিশ মুছলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়েই মামা তার ভাগিনা পারভেজকে খুন করে।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গণধোলাইয়ে আহত ঘাতক নুরুল আলমকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআই