তথ্যমন্ত্রীর অপসারণ দাবিতে কক্সবাজারে বিক্ষোভ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে জনগণ ও বহির্বিশ্বে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাই সাংবাদিকদের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারা ছাপিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে ৫৭ ধারা বাতিলে তালবাহনা করছেন ইনু।
অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও মিডিয়া মালিকদের সঙ্গে অনৈতিক আঁতাত করে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করছেন না ইনু। এসব অপচেষ্টার মাধ্যমে সাংবাদিকদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়ার অপচেষ্টা করছেন তিনি। মন্ত্রীসভা থেকে তার মতো অযোগ্য ব্যক্তির অপসারণ দাবি করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, হাসানুল হক ইনু সরকারের ভেতর ঘাপটি মেরে বসে থাকা সরকারবিরোধী এক প্রেতাত্মা। ইনু বঙ্গবন্ধুর মৃত্যুতে যেমন উল্লাস প্রকাশ করেছিলেন, এখনো তেমনি আছেন।
৫৭ ধারাকে ‘কালাকানুন’ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ৫৭ ধারার কারণে দেশের সাংবাদিকদের কলম আজ থেমে যাওয়া উপক্রম হয়েছে। লিখতে গেলেই ৫৭ ধারা ‘কালাকানুন’ হয়ে ঝাপটে ধরছে। এই ৫৭ ধারাকে অপব্যবহার করে অপরাধীরা সামান্য বিষয়টি নিয়ে পর্যন্ত মামলা দিচ্ছে। এতে সাংবাদিকদের গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে।
এতে বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিত সেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল, আজকের দেশ বিদেশ’র প্রধান প্রতিবেদক এম আর মাহবুব ও মাহবুবুর রহমান প্রমুখ।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর