ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২১ এএম, ৩১ জুলাই ২০১৭

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ৬২ হাজার ৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার লুৎফুর রহমান টহল দল নিয়ে হ্নীলা ইউপির নয়াপাড়া, মোচনী ও লেদা এলাকা বরাবর নাফনদীতে অবস্থান নেন।

কিছুক্ষণ পর ৫-৬ জন লোক একটি নৌকা নিয়ে কিনারায় ভিড়লে বেড়িবাঁধে অবস্থানরত টহল দল তাদের চ্যালেঞ্জ করা মাত্র কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নদী হতে টহল দল এগিয়ে আসলে তিনটি বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে বস্তা তিনটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে তিন লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা।

অপরদিকে রোববার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফ বিওপির সুবেদার মো. ইব্রাহীম হোসেন মিয়া বিশেষ টহল দল নিয়ে নাইট্যং পাড়া বরাবর নাফনদীতে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনজন ব্যক্তি নৌকা নিয়ে কিনারায় পৌঁছালে বিজিবি জোয়ানরা চ্যালেঞ্জ করা মাত্র কেওড়া বনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তখন বিজিবি জোয়ানরা চারদিকে ঘেরাও করে তল্লাশি চালিয়ে মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার নাইট্যংখিলের মো. ইউনুছ আলীর ছেলে মো. আবু ফয়াজ (৪০), আব্দুর রশিদের ছেলে মো. শফিক (২০) ও নোয়াপাড়ার ফজল আহমদের ছেলে মো রফিককে (২৫) আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে কোমরে ফিটিং অবস্থায় ২২ হাজার ৪৬৮পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য ৬৭ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। এছাড়া তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ১টি কাঠের নৌকা জব্দ করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস