ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনের বেলায় লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩১ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পাইকারি মোকামে ১লা আগস্ট হতে দিনের বেলা লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। দিনের বেলায় কোনো ট্রাক থাকতে পারবেনা। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিতাইগঞ্জের বোটখালের উপরে লোড আনলোড করবে ব্যবসায়ীরা।

এতে একটি ট্রাক লোড-আনলোডে সর্বোচ্চ সময় পাবে ৩ ঘণ্টা। যদি কেউ নির্দেশনা অমান্য করে দিনের বেলায় ট্রাক নিয়ে অবস্থান করে তাহলে তাকে জরিমানা ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়া হবে।

সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিতাইগঞ্জের ট্রাকস্ট্যান্ড নিয়ে ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সভাপতির বক্তব্যে এসকল সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক রাব্বি মিয়া।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, দিনের বেলায় বঙ্গবন্ধু সড়কে কোনো ট্রাক থাকতে পারবেনা। রাতে বোটখালে একটি ট্রাক লোড আনলোডে সর্বোচ্চ ৩ ঘণ্টা সময় পাবে। আমি সিটি করপোরেশনকে আহ্বান জানাবো বোটখালটি আলোকিত করে দিতে এবং আনসারদের থাকার জন্য একটি কক্ষ করে দিতে। আমরা ইতোমধ্যে রেলওয়ের জায়গায় ট্রাকস্ট্যান্ড করার পরিকল্পনা করেছি এ বিষয়ে আমরা প্রতি সপ্তাহে একবার বৈঠকে বসবো। যাতে আমরা আগামী এক মাসের মধ্যে আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি। আগামী এক মাস ৪০ জন আনসারের ব্যয়ভার আমি বহন করবো।

সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ট্রাক মালিক সমিতির সেক্রেটারি শফিউদ্দিন প্রধান, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, নিতাইগঞ্জ লোড আনলোড ইউনিয়নের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ সুগার অ্যান্ড ওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, ব্যবসায়ী নেতা ও জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির প্রমুখ।

শাহাদাত হোসেন/এমএএস/পিআর