ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০২ আগস্ট ২০১৭

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের জালাল মোল্যা হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে এ মামলা থেকে ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত ওয়াজেদ মোল্যার ছেলে সামছুর রহমান ওরফে সাম মোল্যা, মৃত রইচ উদ্দিন ফারাজীর ছেলে রবিউল ইসলাম ফারাজী ওরফে রবি ফারাজী, মৃত দিরাজ শেখের ছেলে শহিদুল ইসলাম শেখ ওরফে শহিদুল এবং সামছুর রহমানের ছেলে খবির মোল্যা। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি সাম ও শহিদুল পলাতক রয়েছেন।

মামলাটি পরিচালনা করেছেন সরকার পক্ষে বিশেষ পিপি অ্যাডভোকেট এসএম বদরুজ্জামান পলাশ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

পিপি অ্যাডভোকেট এসএম বদরুজ্জামান পলাশ সাংবাদিকদের জানিয়েছেন, ২০০১ সালের ১২ অক্টোবর সিদ্দিপাশা গ্রামের জালাল মোল্যা সোনাতলা বাজারে বেগুন বিক্রি করছিলেন।

পূর্ব শত্রুতার জের ধরে আসামি সাম মোল্যার নেতৃত্বে ৮-১০ লোক লাঠি, রামদা, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে জালাল মোল্যার ওপর হামলা চালান। তাদের মারপিটে জালাল মোল্যা আহতাবস্থায় মাটিতে পড়ে চিৎকার দেন। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে সাম মোল্যাসহ সকল আসামি পালিয়ে চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই নওশের আলী মোল্যা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।

এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। পাশপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫ জনের খালাস দেয়া হয়।

মিলন রহমান/এএম/এমএস