৯ মাসের কন্যা সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা করলেন বাবা
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জান্নাতুল নামে ৯ মাস বয়সী এক কন্যা সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পাঁচদিন বিনা চিকিৎসায় থাকার পর শুক্রবার শিশুটি মারা গেছে।
গত রোববার রাতে মাদকাসক্ত বাবা জহিরুল ইসলাম ওই শিশুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিহত জান্নাতুলের নানি সাজিয়া বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের মর সিকম আলীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি জহিরুল ইসলামের সঙ্গে কুমিল্লা চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের আব্দুল মালেকের মেয়ে কুলসুমের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্মা নেয়ায় বাবা জহিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী কুলসুমকে জানিয়ে দেয় তার কন্যা সন্তান পছন্দ নয়। তাকে যেন তার বাবার বাড়ি রেখে আসে।
এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরে স্থানীয়দের মাধ্যমে বিচার সালিশ করে কুলসুম স্বামীর বাড়ি পাকুন্ডায় কন্যা সন্তান জান্নাতুলকে নিয়ে আসেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তার স্বামী জহিরুল ইসলাম ঘরে এসে পরিকল্পিতভাবে ৯ মাসের কন্যা সন্তান জান্নাতুলের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মা কুলসুম আগুন থেকে তার সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে আহত হন। শিশু জান্নাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তা থেকে ফিরিয়ে এনে বাড়িতেই কবিরাজি চিকিৎসা করায় তার পরিবার। পরে শুক্রবার ভোরে জান্নাতুলের মৃত্যু হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুল ইসলাম শুক্রবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত জান্নাতুলের মা কুলসুম জানান, পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়ার পর ঘরের ফ্যান চালু করে দেয় জহিরুল। মেয়েকে আগুন থেকে উদ্ধার করার সময় তাকে জাপটে ধরে আটক করে রাখে। বিভিন্ন সময়ে জহিরুল মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে তাকে মারধর করতো।
সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত