ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাছ বাঁচাতে চার লেনের সড়ক বাদ!

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৭ আগস্ট ২০১৭

যশোর-বেনাপোল মহাসড়ক শেষ পর্যন্ত চার লেন হচ্ছে না। ঐতিহ্যের বাহক রেইন্ট্রি গাছ রাখতে গিয়ে এ মহাসড়কটি চার লেন করা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

এখন শুধুমাত্র প্রশস্তকরণ করা হবে। তাও মাত্র তিন-চতুর্থাংশ। আর ২৫ ভাগ সড়ক থাকছে একই মাপে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

সড়ক বিভাগ জানিয়েছে, যশোর-বেনাপোল মহাসড়কের ৩৮ কিলোমিটারের মধ্যে ২৮ কিলোমিটার ৬ ফুট করে বাড়ানো হবে। আর বাকি ১০ কিলোমিটারের প্রশস্ততা আপাতত বাড়ছে না।

সওজ সূত্র জানায়, পরিবেশের ভারসাম্যের বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ মহাসড়কের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রাচীন গাছ না কাটার সিদ্ধান্ত নেয়। গাছ রক্ষা করতে গিয়ে তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী মহাসড়কটি সম্প্রসারণ করা হচ্ছে না। এখন ২৪ ফুট প্রশস্ত যশোর-বেনাপোল মহাসড়ক সম্প্রসারণ করা হবে। যাকে দুই লেন বলা হবে। গাছের কারণে তাও আবার ১০ কিলোমিটার সম্প্রসারণও করা হবে না।

সওজের দেয়া তথ্য মতে, গাছ রেখে ৩৮ কিলোমিটার মহাসড়কের ২৮ কিলোমিটারের দুই পাশে ৬ ফুট বাড়ানো যাবে। অর্থাৎ ২৮ কিলোমিটার রাস্তার বর্তমান প্রস্থ ২৪ ফুট থেকে বেড়ে হবে ৩০ ফুট। আর ১০ কিলোমিটার ২৪ ফুটই থাকবে। এতে করে রক্ষা পাবে এই মহাসড়কের দুই পাশের ২ হাজার ৩১২টি রেইনট্রি গাছ।

স্থানীয় সূত্র মতে, ‘যথাযথ মান ও প্রশস্ততায় মহাসড়ক’ উন্নতিকরণ প্রকল্পের মাধ্যমে ৩২৮ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল মহাসড়কের দুই লেনের প্রশস্ততা বাড়ানো হবে। ইতোমধ্যে কাজ শুরুর জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে মহাসড়ক সম্প্রসারণ কাজের দরপত্র আহ্বান করা হবে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ যশোর সার্কেল-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আলী নূরায়েন বলেছেন, প্রাচীন গাছগুলো বাঁচিয়ে রেখেই এই সড়কের বিভিন্ন অংশের প্রশস্ততা বাড়ানো হচ্ছে। দড়াটানা থেকে চেকপোস্ট পর্যন্ত খুব বেশি গাছ নেই।

এদিকে, মালঞ্চী পর্যন্ত গাছের সারি রাস্তা থেকে বেশ দূরে। সেই সঙ্গে সড়কটির শেষ দিকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত এখনই চার লেন রয়েছে।

এছাড়া সড়কটির শহর অংশে গাছের পরিমাণ অনেক কম। তাই গাছ রেখে সড়কের ২৮ কিলোমিটার সম্প্রসারণ করা যাচ্ছে। তবে এই মহাসড়কের অনেক জায়গায় পিচের আস্তর যেখানে শেষ হয়েছে তার ঠিক পাশেই বড় বড় গাছের সারি রয়েছে। সেখানে সড়ক সম্প্রসারণের সুযোগ নেই। মহাসড়কের বিভিন্ন অংশের এরকম ১০ কিলোমিটারের প্রস্থ আগের মতো রেখেই পুনর্নির্মাণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেছেন, যশোর-বেনাপোল মহাসড়কটি আপাতত চার লেন হচ্ছে না। এখন মহাসড়কটির দুই লেন প্রশস্তকরণ কাজ শুরু হবে।

মিলন রহমান/এএম/আরআইপি