ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৯ মাস বয়সী মেয়েকে পুড়িয়ে হত্যা : বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৭ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৯ মাস বয়সী মেয়ে জান্নাতুলকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে বাবা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে নরসিংদীর মাধবদি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক জহিরুল ইসলামকে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

গ্রেফতার জহিরুল ইসলাম সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের সিকিম আলীর ছেলে। মেয়ে সন্তান পছন্দ নয়- এমন অজুহাতে তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে।

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান, শিশু জান্নাতুলকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে বাবা জহিরুলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রোববার রাতে মাদকাসক্ত ইলেকট্রিক মিস্ত্রি জহিরুল ঘরে ফিরে ঘুমন্ত শিশুকন্যা জান্নাতুলের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় শিশুটির মা কুলসুম মেয়েকে বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়ে আগুনে পুড়ে আহত হন। পাঁচদিন বিনা চিকিৎসায় থাকার পর গত শুক্রবার রাতে জান্নাতুলের মৃত্যু হয়।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস