অপহরণের পর শিশু হত্যায় তিনজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় রমজান শিকদার (৯) নামে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালত রায়ে ৩০২ ধারায় যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ২০১ ধারায় তিনজনকে ৭ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলার নকলা থানার ধামনা গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে হামিদুল (৩০) তার পাশের বারমাইসা গ্রামের মৃত লক্কু মিয়ার ছেলে রিপন (৩২) ও তার পাশের নিকুশা গ্রামের দুলাল মিয়ার মেয়ে আফরোজা আক্তার (২৫)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধ্যপাড়া এলাকার সিকদার বাড়ির ইসমাইল সিকদারের শিশু সন্তান রমজান শিকদারকে (৯) তার বাড়ির ভাড়াটিয়া ওই তিন আসামি ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর অপহরণ করে। পরে তাকে শেরপুর নিয়ে যাওয়া হয়।
এরপর মোবাইলে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত টাকা ও অপহরণের বিষয় জানাজানি হলে আসামিরা ৮ সেপ্টেম্বর রাতে নকলা থানার ছত্রকোনা চেপাকুড়ি ব্রিজের পাশের ঝোপে নিয়ে শিশু রমজানকে শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহটি গুম করে। পরে পুলিশ হামিদুল ও রিপনকে গ্রেফতার করলে তারা মরদেহের সন্ধান দেয়।
এ ঘটনায় রমজানের মা মর্জিনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রমজান জালকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত রমজানের মা মর্জিনা বেগম জানান, আমি আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছিলাম। আমি উচ্চ আদালতে বিচার চাইবো।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত