ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে এনামুল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০২:২৫ পিএম, ১০ আগস্ট ২০১৭

যশোরের অভয়নগরের দেয়াপাড়ায় এনামুল হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় দেন। হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- অভয়নগরের দেয়াপাড়া গ্রামের আবু বক্কার মোল্লা ও তার চার ছেলে মাসুদ মোল্লা, আসাদ মোল্লা, মাহামুদ মোল্লা এবং এমদাদুল মোল্লা।

আদালতের পিপি রফিকুল ইসলাম পিটু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৭ সালের ৭ আগস্ট সকালে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা মরহুম আফেল মোল্লার ছেলে হাসান মোল্লাকে কুপিয়ে জখম করে। এ সময় তার ভাই এনামুল ঠেকাতে আসলে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের অপর ভাই মোসলেম আলী বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকায় ওই আসামিদের অভিযুক্ত করে ১৯৯৮ সালের ২৯ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম।

এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এনামুলকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ এ রায় দেন। একই সঙ্গে হাসান মোল্লাকে হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে তিন বছর করে সশ্রম করাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত হাবিবুর রহমান হবি ও মিজানুর রহমানকে খালাস দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন।

মিলন রহমান/আরএআর/জেআইএম