ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গরু কিনলে খাসি ফ্রি!

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৬ আগস্ট ২০১৭

আকর্ষণীয় পোস্টারে এলাকা ছেয়ে গেছে। কোরবানির জন্য বিরাট গরু বিক্রি হবে। আর গরুটি কিনলে আকর্ষণীয় খাসি ফ্রি। পোস্টারের এই আকর্ষণীয় গরুর দাম হাঁকানো হচ্ছে ৫ লাখ টাকা।

ইতোমধ্যে সাড়ে ৩ লাখ টাকা দামও উঠেছে। এই আলোচিত গরুটির মালিক যশোরের বাঘারপাড়া উপজেলার খর্দ্দবন গ্রামের হাজি মোজাহার বিশ্বাসের ছেলে আলতাফ হোসেন। তিনি বলেন, তিন বছর ধরে এটি লালন-পালন করে বিক্রির উপযোগী করেছেন। গরুর ওজন প্রায় ২০ মণ হবে।

আলতাফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেছে, আঙিনায় টিনশেডের আধাপাকা গোয়ালঘরে রাখা হয়েছে সেই বিশাল গরু। শেকল ও দড়িতে বাঁধা লালচে কালো রঙের গরুর মাথার ওপর ফ্যান ঘুরছে। দু-একজন গরুটিকে বাইরে আনতে পারে না বলেই গোসল-খাওয়া সবই গোয়ালঘরে।

আলতাফ হোসেন জানান, প্রায় তিন বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার থেকে ৬০ হাজার টাকায় বাছুরসহ একটি গাভী কিনেছিলেন তিনি। নাদুস-নুদুস বাছুরটি দুই বছরে বেশ বড় হয়।

jossor-cow

তিনি বলেন, এরপর গত ৮-৯ মাস মোটাতাজা করেছি। প্রতিদিন ৫ কেজি খুদের (ভাঙা চাল) ভাত, ১ কেজি খৈল, পর্যাপ্ত পরিমাণ বিচালি, ঘাস ও ভুসি খাওয়ানো হয়। এছাড়া মৌসুমি ফল কাঁঠালসহ বিভিন্ন রকমের ফল খাওয়ানো হয়েছে। প্রতিদিন গড়ে ৫০০ টাকা খরচ হয়েছে গরুটির পেছনে। গরুটির বর্তমান ওজন প্রায় ২০ মণ।

আলতাফ হোসেন আরও জানান, গরুটি কোরবানির জন্য বিক্রির টার্গেট নিয়েছেন। দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। গরুটি বিক্রির জন্য ইতোমধ্যে রঙিন পোস্টার ছাপানো হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে পোস্টার গ্রামগঞ্জে সাঁটানো হয়েছে। পোস্টারে একটি ছাগলের ছবিও ছাপানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, গরু কিনলে ছাগল ফ্রি। ছাগলটির ওজন ১০ কেজির মতো। ইতোমধ্যে গরুর দাম সাড়ে ৩ লাখ টাকা উঠেছে। কিন্তু তিনি বিক্রিতে রাজি হননি। ৫ লাখ টাকার কম বিক্রি করবেন না। কমে বিক্রি করলে খরচ উঠবে না বলেও মন্তব্য করেন তিনি।

আলতাফ হোসেনের স্ত্রী মমতাজ বেগমের জানান, ছোট্ট থেকে গরুটি লালন পালন করেছেন। পরিবারের সবাই মিলেই দেখাশুনা করেন। এই গরুর সঙ্গে যে ছাগলটি ফ্রি দেয়া হবে, সেটিও তাদের বাড়ির ছাগল।

মিলন রহমান/এএম/জেআইএম

আরও পড়ুন