কমতে শুরু করেছে পদ্মার পানি
কয়েকদিন যাবৎ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে বৃদ্ধি পাওয়া পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে অাজ রোববার বিপদসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলায় ১৬টি ইউনিয়নের ১৫০টি গ্রামের ৩১ হাজার ১৭১টি পরিবারের ১ লাখ ১৭ হাজার ২২২ জনের ১ হাজার ১২০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পানি ওঠার কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

দুর্গতদের জন্য ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যার মধ্যে ৩টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৪০৫ জন আশ্রয় নিয়েছেন।
সেই সঙ্গে বন্যার পানিতে জেলার ১ হাজার ৯৬৪ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ইউনিয়ন ভিত্তিক দেয়া হচ্ছে ত্রাণের চাল ও নগদ অর্থ।
রুবেলুর রহমান/এফএ/পিআর