ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জ উপজেলা থেকে জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র গুলি ও জঙ্গিবাদি বই লিফলেট।

গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চালানো অভিযান শেষে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতাররা হলেন ঢাকা কেরানিগঞ্জ এলাকার আবদুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান (৩২), চাঁদপুর শাহরাস্তি উপজেলার মোহাম্মদ ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে রফিক ওরফে আবু উমামা আল বাহিরী (২৭) ও ময়মনসিংহ সদর উপজেলার সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিস (৩২)।

র‌্যাব-১১ ইনচার্জ লে. কর্নের কামরুল হাসান জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ওই অভিযান চলে। অভিযানের শুরুতে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় জঙ্গিরা সমবেত হয়েছে খবরে সেখানে প্রথম অভিযান চালানো হয়। এ সময়ে র‌্যাব সদস্যরা আবদুর রহমান ও ইমাম হোসেনকে গ্রেফতার করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রূপগঞ্জের তারাব এলাকা থেকে সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিসকে গ্রেফতার করে র‌্যাব। তিনজনের কাছ থেকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, একটি চাকু ও বেশ কিছু জঙ্গিবাদী বই লিফলেট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতার ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে রফিক ওরফে আবু উমামা আল বাহিরী এবং আবদুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ২টি মামলা রয়েছে বলেও জানান লে. কর্নের কামরুল হাসান।

হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি